• হোম > রাজনীতি > ‘জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী’ নিজের মন্ত্রণালয়ে নজর দিলে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা

‘জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী’ নিজের মন্ত্রণালয়ে নজর দিলে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা

  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ২২:৫৫
  • ৫৪

---

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘অত্যন্ত জ্ঞানী’ উল্লেখ করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে তার যে আগ্রহ ও অতিরিক্ত তৎপরতা রয়েছে, সেই মনোযোগ যদি নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে দিতেন, তাহলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হতো।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। তার মতে, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুটি খাতকে ঘিরেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি সক্রিয় বলেই মনে হচ্ছে। তিনি বলেন, নিজের দায়িত্বে একই ধরনের তৎপরতা দেখানো হলে সাধারণ মানুষ তার সুফল পেত।

তিনি আরও বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। নতুন অর্থবছরের বাজেটের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদেও বক্তব্য রেখেছেন এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে তার যথেষ্ট সংশয় রয়েছে।

মামলা বাণিজ্যের অভিযোগ তুলে রুমিন ফারহানা দাবি করেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বিষয়টি তিনি সংসদেও উত্থাপন করেছেন এবং সরকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য।

তিনি সতর্ক করে বলেন, “Nothing goes unnoticed and unpunished”—কোনো কাজই অদেখা বা বিচারহীন থাকে না। তাই যারা অনিয়ম করছেন, তাদের একদিন না একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সড়ক নির্মাণকাজ পরিদর্শনের সময় রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12545 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 04:38:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh