![]()
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে International Day in Support of Victims of Torture উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, সব ধরনের লড়াই-সংগ্রামে সরকার ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ সরকারি ভাতা চালুর বিষয়টি চলতি অর্থবছরের বাজেটেই অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের, এখন সময় ন্যায়বিচার নিশ্চিত করার।” তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণে মিলনায়তনের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।