• হোম > বিদেশ > ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৯:১০
  • ৪৪

---

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ই-বাংলাদেশ ডেস্ক

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৯৮০ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) এক টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে সর্বশেষ এই তথ্য জানান।

সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি।

প্রেসিডেন্ট রদ্রিগেজ জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা অঙ্গরাজ্যে সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দুর্গত মানুষের জন্য জরুরি খাদ্য, চিকিৎসা ও আশ্রয় নিশ্চিত করতে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য ভবন, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সেনাবাহিনী, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল সমন্বিতভাবে কাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলছে।

সরকারের আশঙ্কা, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাই দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দেশজুড়ে জরুরি ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12522 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 10:21:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh