• হোম > বাংলাদেশ > চারদিনের চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চারদিনের চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৯:০১
  • ৯৮

---

চারদিনের চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ই-বাংলাদেশ ডেস্ক

চারদিনের সরকারি চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বিদায়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী লালগালিচা অতিক্রম করে বিমানে আরোহন করেন।

চীন সফরের সময় প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শুরুতে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন। পরে বুলেট ট্রেনে বেইজিং গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এছাড়া বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

চীন সফরের আগে গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12518 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 08:23:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh