![]()
![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে জাপান। আর নকআউটের শুরুতেই অপেক্ষা করছে শক্তিশালী ব্রাজিল।
তবে প্রতিপক্ষের নাম ব্রাজিল হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানোর সামর্থ্য রয়েছে তার দলের।
মরিয়াসু অবশ্য ব্রাজিলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেন, বিশ্বমানের কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আরও শক্তিশালী ও পরিণত দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে।
জাপান কোচের ভাষায়, “ব্রাজিলের মতো বড় দলের দায়িত্ব নেওয়া সহজ নয়। আনচেলত্তি যেভাবে দলকে পরিচালনা করছেন, তা তার অসাধারণ দক্ষতারই প্রমাণ।”
তবে সম্মান দেখালেও জয়ের লক্ষ্য থেকে একচুলও সরে আসতে রাজি নন মরিয়াসু। তিনি বলেন, “জাপানি ফুটবলের উন্নতির জন্য ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দারুণ একটি সুযোগ। তারা অবশ্যই শক্তিশালী দল, কিন্তু আমাদেরও জয়ের সম্ভাবনা আছে। সেই সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামব।”
পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের একমাত্র জয় এসেছে গত বছরের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে।
সেই জয়কে আত্মবিশ্বাসের বড় উৎস হিসেবে দেখছেন মরিয়াসু। তিনি বলেন, “আগে হয়তো ব্রাজিল মনে করত, জাপানকে সহজেই হারানো যায়। কিন্তু গত বছরের ম্যাচের পর তারা নিশ্চয়ই বুঝেছে, এখন আমরা আর সহজ প্রতিপক্ষ নই। এটি জাপানি ফুটবলের উন্নতিরই প্রতিফলন।”
তিনি আরও যোগ করেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে ফুটবলে আগে থেকে কিছুই নিশ্চিত নয়। আমরাও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব এবং ব্রাজিলের চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি প্রস্তুত থাকব।”
বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একদিকে আনচেলত্তির কৌশলী ব্রাজিল, অন্যদিকে আত্মবিশ্বাসে উজ্জীবিত জাপান—সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ।