হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ, তেলের দামে নতুন উল্লম্ফন
ই-বাংলাদেশ ডেস্ক
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ডকে দায়ী করা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। হামলার পেছনে ইরানের বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা দাবি করেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির চালকের কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলার পরও জাহাজটির ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বলে জানানো হয়েছে।
নতুন এই হামলার কারণে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রমেও প্রভাব পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে প্রায় ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার চলমান অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ফলে ওই অঞ্চলে আটকে থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে সর্বশেষ হামলার ঘটনায় সেই উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বৃহস্পতিবার বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে দরপতন দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আন্তর্জাতিক তেলের সরবরাহ, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হতে পারে।