• হোম > বাংলাদেশ > বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২
  • ৮৯

 

 

ই-বাংলাদেশ ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চীনা প্রেসিডেন্টের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই বৈঠক বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

এর আগে বৃহস্পতিবার একই স্থানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই নেতার উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সামরিক আনুষ্ঠানিকতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

সফরের অংশ হিসেবে বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর স্থানীয় সময় বিকেল ৫টায় চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে তিনি মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12497 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 11:04:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh