• হোম > বাংলাদেশ > বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে ৪ এমওইউ সই

বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে ৪ এমওইউ সই

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ২১:১৫
  • ৭০

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে কারিগরি সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং তথ্যপ্রযুক্তিনির্ভর মিডিয়া উন্নয়নের ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাংলাদেশের গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই সমঝোতা স্মারকগুলো বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তথ্য, যোগাযোগ ও সম্প্রচার খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সরকারি সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12491 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 09:31:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh