• হোম > বাণিজ্য > আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজশাহীতে শনিবারেও খোলা থাকবে ব্যাংক

আমচাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজশাহীতে শনিবারেও খোলা থাকবে ব্যাংক

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১৯:২৮
  • ৩০৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

চলতি আমের মৌসুমে দেশের বৃহত্তম আম উৎপাদনকারী অঞ্চলের ব্যবসায়ী ও চাষিদের আর্থিক নিরাপত্তা ও লেনদেনের সুবিধার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহত্তর রাজশাহী অঞ্চলের চার জেলা—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোরের আম বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকগুলোর শাখা ও উপ-শাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলাসহ রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আম বাজার সংলগ্ন ব্যাংকগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। মূলত এই মৌসুমে আম ব্যবসায়ীদের নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার উদ্দেশ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক ব্যাংকগুলো চালু রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এই নির্দেশনায় ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই বিশেষ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা মনে করছেন, আমের মৌসুমে শত শত কোটি টাকার লেনদেন হয়, যা ছুটির দিনে স্থবির হয়ে পড়ত। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় ব্যবসায়ীদের নগদ টাকা সংরক্ষণের ঝুঁকি যেমন কমবে, তেমনি বাজারে অর্থের স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকার পর বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকিং কার্যক্রম আবার পূর্বের নিয়মে ফিরে যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12481 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 12:10:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh