• হোম > উত্তর আমেরিকা | বিদেশ | মধ্যপ্রাচ্য > ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্প, বাড়তি ৭০ বিলিয়ন ডলার চাইল প্রশাসন

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্প, বাড়তি ৭০ বিলিয়ন ডলার চাইল প্রশাসন

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১৮:২৮
  • ৬২

---

ই-বাংলাদেশ ডেস্ক

ইরান যুদ্ধকে কেন্দ্র করে এবার নিজের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ইরান নীতি ও সাম্প্রতিক চুক্তি নিয়ে রিপাবলিকান সদস্যদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি সরাসরি ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গত সপ্তাহে ইরানের সঙ্গে সম্পাদিত রূপরেখা চুক্তি এবং যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের আরও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

ক্যাসিডির অভিযোগ, যুদ্ধ শুরুর সময় যে লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি সেভাবে এগোয়নি। উপরন্তু, নতুন চুক্তিতে ইরানকে আর্থিক প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও যুদ্ধের মূল উদ্দেশ্য কতটা সফল হয়েছে, তা স্পষ্ট নয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যাসিডি বলেন, “আমাদের যা জানানো হচ্ছে, মার্কিন জনগণের তার চেয়ে অনেক বেশি তথ্য জানা প্রয়োজন। পরিস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে বলে মনে হচ্ছে না।”

বৈঠকে উপস্থিত একাধিক রিপাবলিকান সদস্যের ভাষ্য অনুযায়ী, এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ক্যাসিডির মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উচ্চস্বরে কথাকাটাকাটি হয়।

এরপর পরিস্থিতি সামাল দিতে রিপাবলিকান নেতৃত্ব সেনেটে ইরান যুদ্ধ অবসানসংক্রান্ত একটি প্রস্তাব আটকে দেওয়ার উদ্যোগ নেয়। গভীর রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৭ ভোটে পরাজিত হয়।

ভোট শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, “এই ভোট ইরানের জন্য একটি শক্ত বার্তা।” তবে তিনি দাবি করেন, ভোটের ফল আগের নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে না।

এদিকে রাজনৈতিক বিতর্কের মধ্যেই ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে যুদ্ধ ব্যয়ের জন্য অতিরিক্ত ৭০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। এই অর্থ অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রের বর্তমান ৮৬৭ বিলিয়ন ডলারের সামরিক বাজেট আরও বৃদ্ধি পাবে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক চ্যালেঞ্জেও পরিণত হয়েছে। বিশেষ করে আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের ব্যয়, কৌশল এবং ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন বাড়ছে।

সেনেটের ভোটাভুটিতে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি শেষ পর্যন্ত প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও কেনটাকির সিনেটর র‌্যান্ড পল ভোটদান থেকে বিরত থাকেন। অন্যদিকে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকোভস্কি ডেমোক্র্যাটদের সঙ্গে অবস্থান নেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিডি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি ইরান ইস্যুতে বিস্তারিত ব্রিফিং পেয়েছেন। দ্রুত তথ্য সরবরাহের জন্য তিনি হোয়াইট হাউসকে ধন্যবাদও জানান।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিপাবলিকান শিবিরের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে, তা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চাপ সৃষ্টি করতে পারে। আগামী কয়েক মাসে এই ইস্যু যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12479 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 05:31:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh