• হোম > বাংলাদেশ | শিক্ষা > বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১৬:৪৯
  • ৫৭

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দীর্ঘদিনের অবকাঠামোগত ও একাডেমিক সংকট নিরসনে ‘ক্যাম্পাস-২’ স্থাপনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি হলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ৫০ একর ক্যাম্পাসকে ১০০ একরে উন্নীত করা। তবে প্রয়োজনীয় জমি পাওয়া না গেলে বিকল্প হিসেবে ‘ক্যাম্পাস-২’ প্রতিষ্ঠার বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে।

তিনি বলেন, “তোমাদের দাবি আমরা শুনেছি। যদি এখানে পর্যাপ্ত জমি অধিগ্রহণ সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”

শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট, পাবে ববিও সুবিধা

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ভবন, আবাসিক সুবিধা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।”

উপাচার্যের তুলে ধরা সংকট

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার ১৬ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যাপ্ত একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রীদের আবাসিক হল এবং আধুনিক অডিটোরিয়ামের সংকট রয়েছে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে নতুন জমি অধিগ্রহণ এবং দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।

উপাচার্য আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এসব সমস্যা দ্রুত সমাধান হবে।

শিক্ষার্থীদের প্রশংসা

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, “শত প্রতিকূলতার মধ্যেও তোমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছো। বর্তমানে যারা শেষ বর্ষে রয়েছো, তারা হয়তো নতুন অবকাঠামোর সব সুবিধা ভোগ করতে পারবে না। তবে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এর সুফল পাবে।”

ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং চলমান একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, শিক্ষামন্ত্রীর এ সফরের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ আরও সহজ হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আধুনিক ও সম্প্রসারিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে নতুন গতি পাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12450 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 08:28:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh