![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য দেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা কামনা করেন। পাশাপাশি নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা ক্ষেত্রে বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে এবং এ খাতে বাংলাদেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বৈঠক শেষে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন। এ সময় দুই দেশের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।