• হোম > অর্থনীতি > বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯
  • ৬২

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮.২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮,২২৩.৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী জানান, মোট বৈদেশিক ঋণের মধ্যে ৬১.৯৭ শতাংশ কনসেশনাল বা সহজ শর্তের ঋণ এবং ৩৮.০৩ শতাংশ নন-কনসেশনাল বা তুলনামূলক কঠিন শর্তের ঋণ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর থেকে বৈদেশিক ঋণের ক্ষেত্রে আগের মতো সহজ শর্তে অর্থায়ন পাওয়ার সুযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে। একই সঙ্গে গত এক দশকে সরকারের বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে আগামী বছরগুলোতে ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ আরও বৃদ্ধি পাবে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণ প্রস্তাব ও সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে, যাতে উচ্চ সুদের ঋণ নিয়ে অপ্রয়োজনীয় বা কম অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন না করা হয়। কেবলমাত্র উচ্চ অর্থনৈতিক রিটার্ন নিশ্চিত করতে সক্ষম প্রকল্পগুলোর জন্যই বৈদেশিক ঋণ বিবেচনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলোর সময় ও ব্যয় বৃদ্ধি রোধে সরকার কঠোর নজরদারি শুরু করেছে। পাশাপাশি সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করা হচ্ছে এবং ঋণের স্থায়িত্ব ও ঝুঁকি মূল্যায়নের জন্য নিয়মিত ঋণ টেকসইতা বিশ্লেষণ পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, টেকসই ও সহনশীল করতে সরকার শিগগিরই প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শুরু করবে। এর মাধ্যমে দেশের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার সার্বিক গুণগতমান উন্নয়ন এবং ভবিষ্যৎ আর্থিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12399 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 04:49:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh