• হোম > বাংলাদেশ > বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫
  • ৭৫

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের সাধারণ শুল্ক প্রশাসনের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন। এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। তাঁদের সম্মানে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনারও প্রদান করা হয়।

পরে বিশেষ মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বেইজিংয়ে পৌঁছানোর আগে সকালে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন বার্ষিক সভায় অংশ নেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে তিনি চীনে যান। এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12395 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 03:41:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh