• হোম > প্রযুক্তি ও স্টার্টআপ | বাংলাদেশ > ৭ লাখ ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেবে সরকার, ব্যয় ১,১০৬ কোটি টাকা

৭ লাখ ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দেবে সরকার, ব্যয় ১,১০৬ কোটি টাকা

  • বুধবার, ২৪ জুন ২০২৬, ২০:১৮
  • ১০৩

ই-বাংলাদেশ ডেস্ক
দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, উদ্যোক্তা তৈরি এবং সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশব্যাপী ৩০ মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১০৬ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৭৫২ টাকা।

এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’ কর্মসূচির আওতায় এই বৃহৎ প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন জেলার যুবকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সক্ষমতা বাড়ানো।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে অংশগ্রহণকারী যুবকদের আধুনিক কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে তাদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সার্ভিস প্রোভাইডার হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12390 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 02:25:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh