![]()
ই-বাংলাদেশ ডেস্ক:
বক্স অফিসে সাম্প্রতিক কয়েকটি সিনেমার প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় কিছুটা হতাশ ছিলেন সালমান খান ভক্তরা। বিশেষ করে ‘সিকান্দার’ সিনেমার ফলাফল আশানুরূপ না হওয়ায় ভাইজানের পরবর্তী প্রজেক্ট নিয়ে নানা আলোচনা চলছিল। তবে এবার ভক্তদের জন্য এলো সুখবর। ভারতীয় ইতিহাসের এক বীর যোদ্ধার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খানের নতুন এই সিনেমাটি হবে একটি ঐতিহাসিক পিরিয়ড ড্রামা। সিনেমাটির চিত্রনাট্য শুনেই নাকি মুগ্ধ হয়ে যান অভিনেতা এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই প্রজেক্টটিতে কাজ করার সম্মতি দেন।
জানা গেছে, চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে সালমান খানকে শারীরিক গঠন ও লুকের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতির পরিকল্পনাও শুরু হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটির নির্মাণের দায়িত্বে রয়েছেন ‘রং দে বাসন্তি’ ও ‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত জনপ্রিয় পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এটি হবে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং সালমান খানের প্রথম যৌথ কাজ। সিনেমাটি প্রযোজনা করবে Excel Entertainment।
বর্তমানে সিনেমার শুটিং সূচি, বাজেট এবং সালমান খানের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে।
এদিকে ঐতিহাসিক এই প্রজেক্টে হাত দেওয়ার আগে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা মাতৃভূমি। পাশাপাশি তিনি কাজ করছেন পরিচালক জুটি রাজ ও ডিকে-এর নতুন সুপারহিরো প্রজেক্টে।
এছাড়া নির্মাতা ভামশি পাইডিপাল্লি পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘এসভিসি৬৩’-এর কাজও চলছে পুরোদমে। এই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সব ব্যস্ততা শেষ করে ২০২৭ সালের গ্রীষ্মে রাকেশ ওমপ্রকাশ মেহরার ঐতিহাসিক পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন সালমান খান। নতুন লুক, নতুন চরিত্র এবং ভিন্নধর্মী গল্পে ভাইজানকে দেখার অপেক্ষায় এখন থেকেই প্রহর গুনছেন তার কোটি ভক্ত।