• হোম > বিদেশ > আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাল যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাল যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

  • বুধবার, ২৪ জুন ২০২৬, ১৩:০২
  • ৫৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাল যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদের অবস্থান অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস।

বর্তমান নিয়ম অনুযায়ী, ‘এফ’ শ্রেণির শিক্ষার্থী ভিসাধারীরা তাঁদের একাডেমিক কার্যক্রম চালু থাকা এবং ভিসার শর্ত মেনে চলার ক্ষেত্রে কোর্স শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নীতিমালা কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। সেই মেয়াদ শেষ হওয়ার আগে পড়াশোনা সম্পন্ন না হলে, যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি বাড়াতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন আবেদন করতে হবে।

হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় ইতোমধ্যে এ-সংক্রান্ত চূড়ান্ত প্রবিধানের পর্যালোচনা সম্পন্ন করেছে। এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের শেষ ধাপ হিসেবে বিবেচিত হয়। নতুন নিয়ম শিক্ষার্থী ভিসাধারীদের পাশাপাশি বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী, গণমাধ্যম-সংশ্লিষ্ট ভিসাধারী এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রস্তাবিত নীতিমালায় অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছর অবস্থানের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। কোনো শিক্ষার্থীর কোর্স সম্পন্ন করতে এর বেশি সময় লাগলে তাঁকে অতিরিক্ত মেয়াদের জন্য পৃথক আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ২০২৫ সালে প্রথম এ পরিবর্তনের প্রস্তাব দেয়। যদিও এই ধারণার সূচনা ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে হয়েছিল, তখন তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় নতুন নিয়ম শিগগিরই আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন ব্যবস্থা কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া আরও জটিল হতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি গবেষণা, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে নতুন করে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে। ফলে বিদেশি শিক্ষার্থীদের পরিকল্পনা ও ভিসা ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12341 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:08:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh