• হোম > খেলা | ফুটবল > স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া

  • বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২২
  • ৫৪

 ---

স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আনচেলত্তি

ই-বাংলাদেশ ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে সেলেসাওরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বেশ আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল দেখা যায় আনচেলত্তিকে। তিনি জানান, নেইমার পুরোপুরি ফিট এবং গত কয়েকদিন দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন।

আনচেলত্তি বলেন, “নেইমার খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সে দারুণভাবে অনুশীলন করেছে এবং নিজেকে ম্যাচের জন্য তৈরি করেছে। তার মতো একজন অভিজ্ঞ ও মানসম্পন্ন খেলোয়াড়ের ফেরা দলের জন্য বড় স্বস্তির বিষয়।”

নেইমারকে শুরু একাদশে দেখা যাবে কি না— এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান এই কোচ রসিকতা করে বলেন, “আমি যদি এই বয়সে ৯০ মিনিট হেঁটে থাকতে পারি, তাহলে নেইমার নিশ্চয়ই ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে। সে পুরোপুরি প্রস্তুত। আর যদি মাঠে না-ও নামে, তার উপস্থিতি দলের তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে।”

সবশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় ৯৮০ দিন পর জাতীয় দলের হয়ে বড় মঞ্চে ফেরার অপেক্ষায় রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে তার প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রেখেছে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে আরেকটি আলোচনা হলো তরুণ প্রতিভা এনড্রিককে নিয়ে।

এ প্রসঙ্গে আনচেলত্তি মজা করে বলেন, “আমি জানি ভক্তরা এনড্রিককে খুব পছন্দ করে। কিন্তু আগামীকাল স্কোয়াডে নেইমারও থাকবে। তাই দর্শকরা হয়তো সিদ্ধান্ত নিতে কষ্ট করবে কাকে বেশি সমর্থন দেবে। তবে আমার বিশ্বাস, তারা দুজনকেই সমানভাবে ভালোবাসবে।”

এখন দেখার বিষয়, দীর্ঘদিন পর মাঠে ফিরে নেইমার কতটা প্রভাব ফেলতে পারেন এবং ব্রাজিলকে নকআউট পর্বে পৌঁছে দিতে কতটা ভূমিকা রাখতে পারেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12331 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:00:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh