• হোম > বাংলাদেশ > ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

  • বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৭
  • ৪২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং শীর্ষ ব্যবসায়িক নেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। প্রযুক্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিনিয়োগ এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।

সরকারের আশা, এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে চীনা বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবে। এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিচ্ছেন তারেক রহমান। এর আগে মঙ্গলবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলোইস জভিংগি। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মনে করেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী সংস্থাগুলোর আগ্রহ আরও বাড়াবে।

তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12326 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:57:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh