• হোম > বাণিজ্য > শিল্প-উপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনে জোর দিলেন পররাষ্ট্র সচিব

শিল্প-উপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনে জোর দিলেন পররাষ্ট্র সচিব

  • বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪
  • ৬৬

 ---

শিল্প-উপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনে জোর, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান

ই-বাংলাদেশ ডেস্ক:

পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে শিল্প-উপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশে কর্মমুখী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজধানীতে আয়োজিত উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিইউএমের সহযোগিতায় ‘ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভোস্ট আহমেদ সুমন সোবাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাস্ট-এসডিআইর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআইর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।

এ সময় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক ও সাবেক রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কামরুন নেহারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন পিইউএমের সিনিয়র এক্সপার্ট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মারিনা ভার্সলুইস। এতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পিইউএমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচিটির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব, সুশাসন, সাংগঠনিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানমুখী মানবসম্পদ গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12322 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 03:23:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh