![]()
ক্রোয়েশিয়াকে শুরুতেই বেশ চাপে ফেলেছিল পানামা। একের পর এক আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা। বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। বদলি হিসেবে মাঠে নেমে আন্তে বুদিমির একমাত্র গোলটি করে ক্রোয়েশিয়াকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। এই জয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল ২০১৮ সালের রানারআপ দলটি।
টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচে এক জয় থেকে তিন পয়েন্ট নিয়ে তারা এখন ‘এল’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা, আর শীর্ষে রয়েছে ইংল্যান্ড।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দলের পাশাপাশি তৃতীয় হওয়া সেরা আটটি দল পরের পর্বে খেলার সুযোগ পাবে। ফলে শেষ ষোলোয় ওঠার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে যাত্রা শুরু করেছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে ঘানার বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে হারতে হয়েছিল পানামাকে।
এদিন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলে নতুন মাইলফলক স্পর্শ করেন। ৪০ বছর বয়সী এই তারকা আবারও দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বল দখলে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরুতে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। ডান প্রান্ত থেকে আমির মুরিয়োর বাড়ানো বলে হোসে লুইস রদ্রিগেসের জোরালো হেড ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ আঙুলের স্পর্শে ক্রসবারে লাগিয়ে ফেরান।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের কাছাকাছি পৌঁছেছিল ক্রোয়েশিয়াও। দূরপাল্লার এক নিচু শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক। প্রথমার্ধে ক্রোয়েশিয়ার লক্ষ্যভেদী আক্রমণ ছিল মাত্র একটি।
বিরতির পর কোচ জ্লাতকো দালিচের কৌশলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পেতার মুসার বদলে মাঠে নামানো হয় আন্তে বুদিমিরকে। ৫৪তম মিনিটে ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে পাঠান তিনি। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।
৬৮তম মিনিটে আবারও দলের রক্ষাকর্তা হয়ে ওঠেন লিভাকোভিচ। আমির মুরিয়োর পরপর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি। এরপর কর্নার থেকে আসা কার্লোস হার্ভির হেডও এক হাতে বিপদমুক্ত করেন ক্রোয়াট গোলরক্ষক।
শেষ সময় পর্যন্ত দুই দলই আরও কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শনিবার ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পানামা। জয় পেলে পরের পর্বে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে ক্রোয়াটদের।