![]()
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কয়েকটি এলাকায় সেনাবাহিনী মোতায়েনকে নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড সরকারের নজরে এসেছে, যা জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা, পাশাপাশি ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বস্তুনিষ্ঠ তথ্য ও মাসিক পরিসংখ্যান অনুযায়ী, সামগ্রিক অপরাধের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহায়তা করতে বিজিবি বা সেনাবাহিনী মোতায়েন করা একটি স্বাভাবিক ও আইনসম্মত প্রক্রিয়া। গত ১৫ জুন মাঠ পর্যায়ের দায়িত্ব শেষে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে সীমিত পরিসরে পুনরায় মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি গণতান্ত্রিক চর্চারই অংশ। রাজনৈতিক দলগুলো তাদের মতামত জনগণের সামনে উপস্থাপনের স্বাধীনতা ভোগ করছে এবং সরকারও জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে।