![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করেই দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা কোনো রাজনৈতিক দলের এ দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।
রফিকুল ইসলাম জামাল বলেন, “যে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমি মহান সংসদে দাবি জানাচ্ছি, ফ্যাসিস্টদের মতো তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হোক।”
বক্তব্যে তিনি ধর্মভিত্তিক রাজনীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করা কিছু দল নির্বাচনের সময় নানা ধরনের প্রতিশ্রুতি ও বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে।
সংসদ সদস্য আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি মনে করেন, নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করা হয় না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে।
বাজেট অধিবেশনে দেওয়া তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে স্বাধীনতার ইতিহাস, ধর্মভিত্তিক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আবারও বিতর্ক সামনে এসেছে।