• হোম > রাজনীতি > ‘অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্সও পাইনি, তবু প্রতিশোধ নেইনি’— মালয়েশিয়ায় তারেক রহমান

‘অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্সও পাইনি, তবু প্রতিশোধ নেইনি’— মালয়েশিয়ায় তারেক রহমান

  • সোমবার, ২২ জুন ২০২৬, ১৭:০৫
  • ৬৮

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

একসময় গুরুতর অসুস্থ মায়ের জন্য একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের সর্বোচ্চ দায়িত্বে থেকেও তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো পদক্ষেপ নেননি বলেও মন্তব্য করেছেন।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নিজের জীবনের একটি বেদনাদায়ক ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। কিন্তু সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি জানায়।

তারেক রহমান বলেন, “আজ মহান আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আমি দেশের প্রধানমন্ত্রী। চাইলে ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি সেই পথে হাঁটিনি।”

তিনি আরও বলেন, প্রতিশোধমূলক রাজনীতি দেশের কোনো উপকারে আসে না। বরং এমন সংস্কৃতি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও বিভক্ত করে। তাই তিনি বাংলাদেশে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান দেখতে চান।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, “আমি যদি এখন প্রতিশোধ নিই, তাহলে দেশের কী লাভ হবে? এতে জনগণের কোনো উপকার হবে না। আমি চাই এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতা দেশ থেকে চিরতরে দূর হোক।”

সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি জাতীয় ঐক্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12152 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 09:44:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh