![]()
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে মালয়েশিয়ার শিল্পীরা পরিবেশনা করেন। অনুষ্ঠানে স্কুলশিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দুই দেশের প্রধানমন্ত্রী ও তাঁদের সহধর্মিণীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে বের হয়ে এলে প্রবেশপথের দুই পাশে অবস্থান নেওয়া মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানায়। এ সময় তারা শিশুদের সঙ্গে কথা বলেন এবং স্নেহ প্রকাশ করেন।
পরে বাসভবনের মূল ফটকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী মোটর শোভাযাত্রাসহ কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে তাঁর আরও কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।