• হোম > খেলা | ফুটবল > এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানো, নড়াইলে লিগ্যাল নোটিশ

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানো, নড়াইলে লিগ্যাল নোটিশ

  • রবিবার, ২১ জুন ২০২৬, ২১:২১
  • ৬১

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ জুন) ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু এ নোটিশ পাঠান।

নোটিশে অভিযুক্ত করা হয়েছে নড়াইল জেলার আদমপুর গ্রামের বাসিন্দা ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মো. সোহাগ ফরাজীকে।

নোটিশ সূত্রে জানা যায়, ব্রাজিল দলের কট্টর সমর্থক মির্জা গালিব স্বতেজের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়। পরে তাকে আর্জেন্টিনা দলের জার্সি পরিহিত অবস্থায় দেখিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

অভিযোগে বলা হয়েছে, এসব পোস্ট ও ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং মানহানির উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এর ফলে শাহাদাত জালাল পিয়াস ও মির্জা গালিব স্বতেজের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

লিগ্যাল নোটিশে অভিযুক্তকে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব ছবি ও পোস্ট ফেসবুক থেকে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মির্জা গালিব স্বতেজ বলেন, “আমি একজন ব্রাজিল সমর্থক। কিন্তু এআই ব্যবহার করে আমার ছবি বিকৃত করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।”

তিনি আরও বলেন, “ফুটবল নিয়ে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। তবে কাউকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে প্রচার করা গ্রহণযোগ্য নয়। আমি আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত এসব পোস্ট সরিয়ে নিয়ে নিজের ভুল স্বীকার করবেন। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

অভিযুক্ত মো. সোহাগ ফরাজীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে অন্তত ৯ জন ব্রাজিল সমর্থকের ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরানো অবস্থায় পোস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একটি পোস্টে তিনি ক্যাপশন হিসেবে লিখেছেন, “ব্রেকিং নিউজ: কাপল যুগলসহ শতাধিক সমর্থক ব্রাজিল থেকে আর্জেন্টিনাতে।” এ পোস্টগুলো স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নড়াইল জজ কোর্টের আইনজীবী মো. ফেরদৌস ইসলাম তনু বলেন, “আমার মক্কেলের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণ ও ক্ষমা প্রার্থনা না করলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ফুটবল সমর্থনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এ ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্নের অভিযোগে বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12091 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 10:10:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh