![]()
ই-বাংলাদেশ ডেস্ক
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলকে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় ফার্স্ট ব্যাটালিয়ন রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের একটি স্ট্যাটিক গার্ড অব অনারের মাধ্যমে বাংলাদেশি প্রতিনিধিদলকে সম্মান জানানো হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে রোববার দুপুর ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন তিনি।
সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, শিক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীকে সঙ্গ দিচ্ছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ সরকারি ও কূটনৈতিক পর্যায়ের প্রতিনিধিরা।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরে আগামী ২৫ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সরকারি কর্মসূচি অনুযায়ী মালয়েশিয়া ও চীন সফর শেষে আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।