• হোম > বাংলাদেশ > ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব, সতর্ক করলেন র‍্যাব-২ অধিনায়ক

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর জবাব, সতর্ক করলেন র‍্যাব-২ অধিনায়ক

  • রবিবার, ২১ জুন ২০২৬, ২১:১১
  • ৫৬

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মূলত পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন হলেও সেখানে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন র‍্যাবের এই কর্মকর্তা।

নয়মুল হাসান বলেন, “আমরা সব ইউনিট ও স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে।”

তিনি আরও বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ ২৩ তারিখকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহার করে কিংবা অন্য যেকোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করতে চায়, তাহলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।”

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাউরা সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়।

পরে ধারাবাহিক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

র‍্যাব বলছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় স্থানে বিশেষ টহল ও অভিযানও পরিচালনা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12086 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 01:30:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh