![]()
ই-বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী হানানি হারুন। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উচ্চপর্যায়ের বৈঠক ও বিভিন্ন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।