![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দেওয়া একটি বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন তিনি।
স্পিকার বলেন, গত বৃহস্পতিবার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে কথিত ব্যক্তিগত বিষয় ও পরকীয়া প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন, যা সংসদীয় শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবেচিত হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যেহেতু যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে, তার সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাই তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা অনুচিত। এ কারণেই সংসদ সদস্য আবু আশফাকের ওই বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।”
স্পিকার আরও জানান, এ ঘটনায় নিজের একটি মন্তব্যও তিনি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি ওই আলোচনার সময় কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কিত একটি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটিও এক্সপাঞ্জ করা হয়েছে।”
সংসদ সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, ভবিষ্যতে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন, “যার পক্ষে সংসদে এসে নিজেকে ডিফেন্ড বা আত্মপক্ষ সমর্থন করা সম্ভব নয়, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
সংসদীয় কার্যক্রমে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্পিকারের এই পদক্ষেপ সংসদে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্কতা ও সংযমের বার্তা হিসেবে দেখা হচ্ছে।