• হোম > বাংলাদেশ > স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

  • রবিবার, ২১ জুন ২০২৬, ১৫:৪০
  • ৫৫

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার বর্তমান চিকিৎসাব্যবস্থাকে কেবল রোগের চিকিৎসানির্ভর কাঠামো থেকে বের করে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি জনবলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে।

তিনি জানান, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, সারা দেশে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এই নেটওয়ার্কের আওতায় বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করবেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না; বরং সেবার পরিধি ও কার্যকারিতা বাড়ানো হবে।

তিনি জানান, সম্প্রতি Lisbon-এ অনুষ্ঠিত 34th International Confederation of Midwives Congress-এ বাংলাদেশ সরকারের এই পরিকল্পনা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়েছে। ১২২টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতা বাড়বে, গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা সহজলভ্য হবে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12052 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 06:05:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh