• হোম > বিদেশ > মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ, সুইজারল্যান্ডে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ, সুইজারল্যান্ডে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

  • শনিবার, ২০ জুন ২০২৬, ২২:৩৫
  • ১০১

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসন এবং সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা আগামী রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। বৈঠকে সমঝোতার বিভিন্ন কারিগরি দিক, বাস্তবায়ন পদ্ধতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, চুক্তি বাস্তবায়ন নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে তেহরান। ইরান সতর্ক করে বলেছে, সমঝোতার শর্তগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পুরো চুক্তিই অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “অপর পক্ষকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পুরো সমঝোতাই ঝুঁকির মুখে পড়বে।”

তার এই মন্তব্যের পর ইরনা আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে সমঝোতার সফল বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর।

আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন বুর্গেনস্টকের বৈঠকের দিকে গভীর নজর রাখছে। কারণ এই আলোচনা শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12013 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 05:15:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh