![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, সঙ্গীত ও সাংস্কৃতিক চর্চায় দক্ষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “শুধু খেলাধুলা করলেই হবে না। লেখাপড়া, গান, বাজনা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও পারদর্শী হতে হবে। দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে, তাই সব ক্ষেত্রেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
তিনি জানান, চলতি বছর মাধ্যমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর ‘প্রাইম মিনিস্টার কাপ’ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানতে চান, সবুজ মাঠে ফুটবল খেলতে তাদের কেমন লেগেছে এবং ভবিষ্যতে কারা খেলাধুলায় অংশ নিতে চায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী হাত তুললে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, এ বছর দেশের প্রায় ২২ লাখ বালক-বালিকা এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে শুধু ফুটবল নয়, ক্রিকেট, সাঁতারসহ অন্যান্য খেলাধুলাতেও অংশ নিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের সঙ্গে বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী স্টেডিয়াম ঘুরে শিক্ষার্থী ও দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং পরে বেলুন উড়িয়ে বালিকা বিভাগের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেশের খেলাধুলার উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম খেলাধুলা ও শিক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।
ফাইনালে বালিকা বিভাগে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।