• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

  • শনিবার, ২০ জুন ২০২৬, ১৮:৫৫
  • ৬৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে উসকানিমূলক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে দুটি দেশে যাচ্ছেন। কিন্তু এই সফরকে কেন্দ্র করে দেশের ভেতরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা ও উসকানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো—বিশ্বে আমাদের কোনো শত্রু নেই, কেউ আমাদের প্রভুও নয়; সবাই আমাদের বন্ধু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষিত এই নীতির আলোকে বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে।”

রিজভীর মতে, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে। তবে সরকারকে নানা ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যপ্রযুক্তি খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে রিজভী বলেন, নতুন বাজেটে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুরো রাষ্ট্রীয় সেবাব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনআইসিটিএফের সভাপতি প্রকৌশলী রাফেল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক এবং অধ্যাপক শাহ জে মিয়াসহ অন্যান্য বক্তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11997 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 02:30:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh