• হোম > বাংলাদেশ > সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ২০ জুন ২০২৬, ১৬:০০
  • ৫৪

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রয়োজনীয় সব নথি ইতোমধ্যে পাঠানো হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে বিষয়টি এগিয়ে নিচ্ছে। তিনি জানান, গত ১২ জুন আবুধাবি ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে জানায় যে রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ওই দিনই জাতীয় সংসদে বিষয়টি জানানো হয় এবং ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানায়। বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই পরদিনই সব নথি প্রস্তুত করে পাঠিয়েছে।

মন্ত্রী জানান, ওয়ারেন্ট, মামলার বিবরণসহ ১৪৪ পাতার নথি আরবিতে অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসকেও অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি ইউএই সরকার দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠাবে।”

এ বিষয়ে ইউএই কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। তবে তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক চুক্তি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে সহযোগিতা চলছে।

অনুষ্ঠানে তিনি ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করেন, যারা চাঞ্চল্যকর মামলার তদন্ত ও অপরাধ দমনে অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন।

তিনি বলেন, এই স্বীকৃতি শুধু পুরস্কারপ্রাপ্তদের নয়, বরং পুরো পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11995 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 03:23:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh