![]()
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া পার্টি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতার আশঙ্কা মোকাবিলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরে রাতারাতি অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে অভিযান ও নজরদারি জোরদারের মাধ্যমে সেখানে অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতির আরও উন্নতি ঘটানো হবে।