• হোম > খেলা | ফুটবল > ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

  • শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪২
  • ৬৯

ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

ফুটবল বিশ্বকাপে সরাসরি সম্প্রচারের সময় ইরান ও নিউজিল্যান্ড দলকে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলার ঘটনায় এক ধারাভাষ্যকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি। মঙ্গলবার প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, অভিযুক্ত ধারাভাষ্যকার মুরাত একরেম চিমেনকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের সম্প্রচার দল থেকে প্রত্যাহার করা হয়েছে এবং চলতি টুর্নামেন্টে তিনি আর কোনো ম্যাচে ধারাভাষ্য দিতে পারবেন না। একই সঙ্গে ঘটনাটির তদন্তও শুরু হয়েছে।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের প্রথম কয়েক মিনিটে চিমেন ইরানের আক্রমণকে নিউজিল্যান্ডের এবং নিউজিল্যান্ডের আক্রমণকে ইরানের আক্রমণ হিসেবে বর্ণনা করছিলেন। সম্প্রচারের এমন ভুলকে টিআরটি তাদের পেশাগত মানদণ্ডের পরিপন্থী এবং ‘অমার্জনীয়’ বলে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে টিআরটি জানায়, “এই ভুলের জন্য আমরা দর্শক ও জনসাধারণের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ৩০ বছরের বেশি ক্রীড়া সম্প্রচারের অভিজ্ঞতাসম্পন্ন একজন ধারাভাষ্যকারের কাছ থেকে এমন ভুল গ্রহণযোগ্য নয়।”

এদিকে ‘জি’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট দুটি গোল করেন। ইরানের হয়ে গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। ফলে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট করে অর্জন করে।

ম্যাচ শেষে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই বিশ্বকাপে তার দলের প্রতি আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের দলকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশ্বকাপের আগে ইরান তাদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেয় এবং গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে।

ঘালেনোই বলেন, দীর্ঘ ভ্রমণের কারণে তাদের খেলোয়াড়দের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগও দেওয়া হচ্ছে না। তার দাবি, ম্যাচ শেষে দলের মেক্সিকোতে দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও তাদের পরদিন ফেরার পরিকল্পনা ছিল। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আয়োজকদের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাননি বলেও জানান তিনি।

ইরানের কোচের ভাষায়, “পুরো বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার।” তার এই মন্তব্য বিশ্বকাপের আয়োজক ব্যবস্থাপনা ও ভ্রমণসূচি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11936 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:35:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh