• হোম > বাংলাদেশ > নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান

  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১৭:০৭
  • ৭১

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-কে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে আরও সক্ষম হয়ে উঠতে হবে। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ প্রতিষ্ঠার সময়ের তুলনায় বর্তমান বিশ্বের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যা মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সবসময় প্রস্তুত থাকতে হবে।

নিজের দীর্ঘদিনের পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব পালনকালে থেকেই তিনি এসএসএফের কার্যক্রমের সঙ্গে পরিচিত। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যুর পর অনুষ্ঠিত বিশাল জানাজার আয়োজনেও এসএসএফ গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করেছে।

সরকারপ্রধান হিসেবে জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত নয়, যা সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তিনি এসএসএফ সদস্যদের আহ্বান জানান, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সরকারপ্রধানের স্বাভাবিক যোগাযোগ বজায় রাখার বিষয়েও সচেতন থাকতে।

তিনি জানান, জনগণের ভোগান্তি কমাতে নিজের গাড়িবহরের আকার সীমিত করেছেন। ফলে সদস্যসংখ্যা বাড়ানোর পরিবর্তে নিরাপত্তা কৌশল ও দক্ষতার ওপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনসভা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপুল জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

এসএসএফের নবনির্মিত আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা কৌশল উন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য এই সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, ২০০২ সালের পর এসএসএফের ‘রেড বুক’ সময়ের চাহিদা অনুযায়ী হালনাগাদ ও আধুনিক করা হয়েছে। এটি বাহিনীর কার্যপদ্ধতি নির্ধারণের পাশাপাশি সদস্যদের আইনি সুরক্ষাও নিশ্চিত করে। তবে নির্দেশিকা অনুসরণের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এজন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সবশেষে এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ধরনের দুর্ব্যবহার বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11880 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 12:08:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh