• হোম > শিক্ষা > অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নজর সরকারের: শিক্ষামন্ত্রী

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নজর সরকারের: শিক্ষামন্ত্রী

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ১৫:০২
  • ৪৬

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নজর সরকারের: শিক্ষামন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে চলতি বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ডিন অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের মেধা ও অর্জনের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায় এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করে।

তিনি বলেন, “আজ যারা এই পুরস্কার পেয়েছেন, তারা যেমন সম্মানিত হয়েছেন, তেমনি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও সৃজনশীল কাজে উৎসাহিত হবে। শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও ভূমিকা রাখে।”

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে মন্ত্রী জানান, আগামী বাজেটে জাতীয় আয়ের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

দেশের মানবসম্পদ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া একটি দক্ষ ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী বলেন, “শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম এবং সংস্কৃতিচর্চার বিকাশও সমান গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি থাকলেও জিডিপির অনুপাতে তা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষাক্ষেত্রে নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11798 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 04:38:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh