• হোম > বাংলাদেশ > ‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ১৫:০০
  • ৪৫

‘বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না’

জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী বলে আখ্যা দেয়, তারা কখনও জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “সংসদের ভেতরে কিংবা বাইরে কিছু মানুষ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের প্রশ্নে এ ধরনের অপপ্রচারের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, “বাংলাদেশ ও দেশের মানুষের জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।”

প্রধানমন্ত্রী জানান, আবাসন সহায়তার অংশ হিসেবে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া চা শ্রমিক পরিবারের ১৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

দেশের গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। গণতন্ত্রকে দুর্বল করার সুযোগও কেউ পাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11796 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 05:13:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh