• হোম > বাংলাদেশ > মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ১৪:৪৮
  • ৬২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন। ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে তার এই সফর।

প্রধানমন্ত্রী দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গলে পৌঁছান। এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সকাল ১০টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শ্রীমঙ্গলে পৌঁছে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজার সফর করেছিলেন তিনি।

জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম মৌলভীবাজার সফর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11790 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 05:30:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh