• হোম > বাংলাদেশ > মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৮
  • ৫৮

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে মৌলভীবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও জনসভাসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিতে তার এই সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে এক সভায় অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাশাপাশি জনসভায়ও অংশ নেবেন তারেক রহমান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজার সফর করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম মৌলভীবাজার সফর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11772 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 02:12:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh