![]()
সারাদেশে দ্রুত, আধুনিক ও নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনাবিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল জানান, বৈঠকে দেশের রেলওয়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রী ও পণ্য পরিবহনে সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আরও কার্যকর ও নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য অর্থায়নের উৎস ও কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সভায় রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।