![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। একই সঙ্গে সারা দেশে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালুর উদ্যোগ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি জোর দিয়ে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, বিতর্ক, কুইজ এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “শুধু লেখাপড়া করলেই চলবে না। শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এজন্য এক্সট্রা কারিকুলার কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের অংশ হিসেবে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং আধুনিক শিক্ষাসামগ্রী সরবরাহের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও আনন্দময় ও কার্যকর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
শিক্ষাবিদদের মতে, বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং মিড ডে মিল কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে এবং ঝরে পড়ার হার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।