![]()
কক্সবাজার সফরে এক ব্যতিক্রমী নজির গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গেছেন তিনি। এতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেই সফর শুরু করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দর থেকে গাড়ির স্টিয়ারিং নিজ হাতে নিয়ে তিনি প্রথমে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিজেই গাড়ি চালিয়ে সেখানে পৌঁছান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবারও স্টিয়ারিং হাতে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি নিজেই গাড়ি চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন।
সফরকালে সড়কের দুই পাশে হাজারো স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী ভিড় করেন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন। তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহের জন্ম দেয়।
প্রধানমন্ত্রীর গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পেছনের আসনে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় তাকে গাড়ি চালাতে দেখা গেলেও এত দীর্ঘ পথ নিজে গাড়ি চালিয়ে সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনা এবারই প্রথম। কক্সবাজারের মনোরম পরিবেশে এই সফর কর্মব্যস্ততার পাশাপাশি জনসম্পৃক্ততারও একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে।