![]()
ই-বাংলাদেশ ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত এক জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের বার্মিংহামের ঐতিহাসিক এজভাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়েছে টাইগ্রেসরা। জয়ের নায়িকা হয়েছেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা, যার ঝড়ো ফিফটি বাংলাদেশের রান তাড়ার পথকে সহজ করে দেয়।
ম্যাচের শুরুতে ভাগ্যের সহায়তা পেয়েছিলেন জুহেইরিয়া। মাত্র ৯ রানে জীবন পাওয়ার পর তিনি আর পিছনে ফিরে তাকাননি। ধীরে শুরু করলেও পরবর্তীতে আগ্রাসী ব্যাটিংয়ে ডাচ বোলারদের ওপর চড়াও হন। মাত্র ৩৩ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি বিশাল ছক্কা। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান এই ডানহাতি ব্যাটার।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করে। তবে জুহেইরিয়ার বিদায়ের পর হঠাৎ করেই ব্যাটিং ধস নামে। দলীয় ৬৭ রান থেকে ৮৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম বলেই আউট হয়ে ফিরে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
তবে সেই চাপ সামলে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। দারুণ ধৈর্য ও ম্যাচ সচেতন ব্যাটিংয়ে ৩২ বলে ৩৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার দায়িত্বশীল ইনিংসই নিশ্চিত করে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের প্রথম জয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। ডাচ অধিনায়ক বাবেট ডে লেড একাই লড়াই চালিয়ে ফিফটি তুলে নেন। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি তাদের।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। তিনি ৩২ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, রিতু মনি এবং স্পিনাররাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে চাপে রাখেন। বিশেষ করে রিতু মনি মাত্র ১৭ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখেন।
বিশ্বকাপের মঞ্চে এটি বাংলাদেশের নারীদের চতুর্থ জয়। জুহেইরিয়ার বিস্ফোরক ব্যাটিং, সুপ্তার পরিণত ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সূচনা পেল টাইগ্রেসরা। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।