![]()
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয় বলে ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে।
ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
এই পরিস্থিতির প্রভাবে বিপুলসংখ্যক আমানতকারী তাদের জমাকৃত অর্থ তুলে নিতে শুরু করেন। ফলে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট দেখা দেয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যাংকটি হিমশিম খেতে থাকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয়।
এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।
গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এ ধরনের সহায়তার ইঙ্গিত দিয়েছিলেন।
সেসময় তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।’
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, এই সহায়তা ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য চাপ কমাতে সাহায্য করবে। তবে দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং স্বাভাবিক আমানত প্রবাহ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।