• হোম > Following > এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

  • রবিবার, ১৪ জুন ২০২৬, ০০:২৬
  • ৮৫

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি জনবান্ধব বাজেট এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চাল, ডাল, তেল, চিনি, লবণ, মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যাতে বাজেটের পর এসব পণ্যের দাম না বাড়ে এবং সাধারণ মানুষ স্বস্তি পায়।

তিনি আরও বলেন, কিডনি, হৃদরোগ ও চক্ষু চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানো বা প্রত্যাহারের ফলে চিকিৎসা ব্যয়ও কমবে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

প্রস্তাবিত বাজেটের বিরোধিতাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির বিরোধিতা করে, তারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। তাদের কর্মকাণ্ড দেশের ও জনগণের স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এই সড়ক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে এ অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক উন্নয়ন কাজ শুরু করা হবে।

লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ঈদের আগে লবণচাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শিগগিরই একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা হবে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ জনগণকে চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে ছুটতে হবে না।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এজন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে নিরপেক্ষ নির্বাচন হলে এই অঞ্চলের মানুষ বিএনপির প্রার্থীদের সমর্থন দিয়েছেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেওয়া হবে।

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11510 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 01:14:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh