![]()
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন, এই সমঝোতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে ইসহাক দার এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর বোঝাপড়া হলে তা শুধু দুই দেশের মধ্যেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। পাকিস্তানও এই সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে।