![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবারের আলোচনা শুধু তার সংগীত পরিবেশনাকে ঘিরে নয়, বরং তার উপস্থিতি এবং পরিবর্তিত লুক নিয়েও তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই অনুষ্ঠান শেষ হলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন আলোচনা।
অনেক দর্শক দাবি করেন, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেন, এটি হয়তো তার বডি ডাবল বা একজন পেশাদার ইমপার্সনেটর হতে পারে। বিশেষ করে তার মুখাবয়ব, চলাফেরা এবং শারীরিক অভিব্যক্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন ভক্তদের একাংশ।
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পোশাক ও স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন। হলুদ পোশাক, সাদা শর্টস, বড় কালো সানগ্লাস এবং চিরচেনা সোনালি চুলের পরিবর্তে হালকা স্ট্রবেরি রেড রঙের চুল দর্শকদের অবাক করে। মুখের বেশিরভাগ অংশ সানগ্লাসে ঢাকা থাকায় রহস্য আরও বেড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে কেউ লিখেছেন, ‘এটি শাকিরার মতো দেখতে অন্য কেউ।’ আবার কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপে শুধু দল নয়, শাকিরাও বদলে গেছে।’ যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং শাকিরার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ‘দাই দাই’ গানটির পরিবেশনা। গানটির কথায় উঠে এসেছে জীবনের সংগ্রাম, ভাঙা সম্পর্ক এবং ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক বার্তা। ফলে অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলনও এই পরিবেশনায় ফুটে উঠেছে।
বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে শাকিরার উপস্থিতি আবারও প্রমাণ করেছে, তিনি এখনো আন্তর্জাতিক সংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় নাম। বিতর্ক থাকলেও তার পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন লাখো দর্শক।